মলয় পিঠ এলাকার শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত এক তরুণীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার গভীর রাতে মেডিক্যাল কলেজ প্রাঙ্গণ থেকে উদ্ধার করা হয় ২২ বছর বয়সী মনীষা দাসের মরদেহ। মৃতা মনীষা দাসের বাড়ি মধুবন এলাকায় বলে জানা গেছে।পরিবার সূত্রে খবর, মনীষা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজের মহিলা হোস্টেলের ওয়ার্ডেন হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে তাঁরা অভিযোগ করেন, এটি কোনও স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিতভাবে মনীষাকে খুন করা হয়েছে।এই ঘটনাকে ঘিরে মেডিক্যাল কলেজ চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই তরুণীর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।রহস্যঘেরা এই মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়ার পাশাপাশি উঠছে একাধিক প্রশ্ন—হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই কীভাবে এমন ঘটনা ঘটল? তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে রয়েছে সকলের নজর।
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে রহস্যমৃত্যু! মহিলা হোস্টেলের ওয়ার্ডেন মনীষার লাশ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের
