শান্তিরবাজার: রাজ্য ও কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রে চলা একাধিক উন্নয়নমূলক কাজ পরিদর্শন করলেন রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী। শনিবার মহকুমার বিভিন্ন এলাকায় গিয়ে নির্মাণকাজের অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখেন তিনি।এর মধ্যে প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে শান্তিরবাজারে নির্মাণ করা হচ্ছে নতুন জেলা ট্রান্সপোর্ট অফিস। আগামী ডিসেম্বরের মধ্যে নির্মাণকাজ শেষ করে অফিসটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।পাশাপাশি রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় শান্তিরবাজার ও জোলাইবাড়ি বাজারে নতুন মোটরস্ট্যান্ড নির্মাণের কাজও চলছে। বিধায়ক প্রমোদ রিয়াংয়ের উদ্যোগে মনুবাজারেও নতুন একটি মোটরস্ট্যান্ড নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তবে বর্তমানে এডিসি ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে ওই স্থানটি পরিদর্শন করা হচ্ছে না।পরিদর্শন শেষে মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, নতুন ট্রান্সপোর্ট অফিস চালু হলে পরিবহন সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে যে সমস্যার মুখোমুখি হতে হয়, তা অনেকটাই কমবে। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে নির্মাণ করা হচ্ছে এই মোটর ভেহিকেলস অফিস। দক্ষিণ ত্রিপুরার ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হয়ে উঠবে বলেও আশা প্রকাশ করেন তিনি।উন্নয়নমূলক কাজের এই পরিদর্শনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, ত্রিপুরা পরিবহন দপ্তরের যুগ্ম পরিবহন কমিশনার প্রদীপ সরকার, শান্তিরবাজার মহকুমাশাসক দীপিকা গৌতম আইএএস, পুরপরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা, সমাজসেবী দেবাশীষ ভৌমিক, জেলা ট্রান্সপোর্ট অফিসার কমলাকান্ত, মোটর ভেহিকেলস ইন্সপেক্টর জহর রিয়াং এবং শান্তিরবাজার আরডি দপ্তরের এক্সিকিউটিভ উকেন্দ্র রিয়াংসহ অন্যান্যরা।
শান্তিরবাজারে উন্নয়নের কাজ খতিয়ে দেখলেন মন্ত্রী, দ্রুত শেষ হবে আধুনিক DTO অফিসের নির্মাণ
