বিশালগড়: সংসারে স্বামী-সন্তান থাকা সত্ত্বেও এক বিবাহিত যুবকের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্কের অভিযোগ এক গৃহবধূর বিরুদ্ধে। আর সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই ওই যুবককে নানা ভাবে ব্ল্যাকমেলিং ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে গৃহবধূ এবং তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনায় বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নেহাল চন্দ্রনগর এলাকার যুবক সুদীপ আচার্য।অভিযোগ অনুযায়ী, সামাজিক মাধ্যমে পরিচয়ের পর বিশালগড় বাজার সংলগ্ন এলাকার ওই গৃহবধূর সঙ্গে সুদীপের ঘনিষ্ঠতা তৈরি হয়। দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক চলছিল বলে দাবি সুদীপের। এমনকি দু’জনে একাধিকবার বহিরাজ্যেও গিয়েছেন বলে অভিযোগ। সুদীপের আরও দাবি, এই সম্পর্কের বিষয়টি গৃহবধূর স্বামীরও জানা ছিল এবং বিভিন্ন সময়ে তাঁর কাছ থেকে নগদ অর্থ নেওয়া হয়েছে।পরিস্থিতি জটিল হয় যখন সুদীপ ওই গৃহবধূর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। অভিযোগ, এরপর গৃহবধূর স্বামী বিশালগড় নিউ মার্কেট এলাকায় সুদীপকে আটক করে মারধর করেন এবং পরে থানায় নিয়ে যান। সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। ভবিষ্যতে কেউ কারও সঙ্গে যোগাযোগ রাখবেন না—এই মর্মে উভয় পক্ষের পরিবারকে নিয়ে লিখিতভাবে মুচলেকাও নেওয়া হয় বলে দাবি।তবে সুদীপের অভিযোগ, সেই সিদ্ধান্তের পরও ওই গৃহবধূ তাঁকে ফোন, ভয়েস মেসেজ এবং WhatsApp-এর মাধ্যমে নিয়মিত যোগাযোগ করতে থাকেন। তাঁর দাবি, এসব যোগাযোগের একাধিক প্রমাণ তাঁর কাছে রয়েছে।সুদীপের আরও অভিযোগ, সম্পর্ক বজায় না রাখলে নিজের হাত কেটে ফেলা কিংবা আত্মহত্যা করে তাঁকে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে মানসিকভাবে চাপে পড়ে শেষ পর্যন্ত পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করে নিরপেক্ষ তদন্ত এবং সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সুদীপ আচার্য। একইসঙ্গে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন তিনি।
সম্পর্ক ছিন্ন করতেই ‘ব্ল্যাকমেলিং’! বিশালগড়ে গৃহবধূর বিরুদ্ধে যুবকের থানায় অভিযোগ
