তেলিয়ামুড়া: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি গোষ্ঠীর সদস্যদের পথ অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া এলাকায়। আগরতলা-আসাম জাতীয় সড়ক অবরোধের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।আন্দোলনকারীদের অভিযোগ, আত্মসমর্পণের পর তাঁদের জন্য সরকারি ভাবে কী কী সুযোগ-সুবিধা ও পুনর্বাসনের ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে তাঁদের যথাযথভাবে জানানো হয়নি। দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে অসন্তোষ থাকলেও কার্যকর সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধের সিদ্ধান্ত নেন তাঁরা।পরিস্থিতি সামাল দিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার নির্দেশে জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন। আলোচনায় মন্ত্রী আগামী ২১ আগস্ট তাঁদের সঙ্গে বৈঠকে বসে সাত দফা দাবি নিয়ে বিস্তারিত আলোচনা ও সমাধানের আশ্বাস দেন। এরপরই অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।তবে ২১ আগস্টের বৈঠকে দাবিগুলির সন্তোষজনক সমাধান না হলে ফের বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, পথ অবরোধ করে কোনও সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা সম্ভব। আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যদের দাবি ও সমস্যাগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে এবং তাঁদের জন্য সরকারি ভাবে কী কী সুযোগ-সুবিধা রয়েছে, তা বিস্তারিত জানানো হবে।তিনি আরও বলেন, জনজাতি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন ও জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। জনজাতি জনগণের সমস্যা সমাধানের ক্ষেত্রে সরকার পিছিয়ে থাকবে না বলেও আশ্বাস দেন তিনি।এখন সকলের নজর ২১ আগস্টের বৈঠকের দিকে। ওই বৈঠকে সাত দফা দাবির কতটা সমাধান হয়, নাকি ফের আন্দোলনের পথে হাঁটেন আত্মসমর্পণকারী এলএলএফটি সদস্যরা—সেদিকেই তাকিয়ে সংশ্লিষ্ট মহল।
সাত দফা দাবিতে তেলিয়ামুড়ায় সড়ক অবরোধ, ২১ আগস্ট বৈঠকের আশ্বাসে উঠল আন্দোলন
