Headlines

সাব্রুম নগর পঞ্চায়েতে নাগরিক পরিষেবা ভেঙে পড়ার অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি | সাব্রুম | ২৭ জুলাইদক্ষিণ ত্রিপুরার সাব্রুম নগর পঞ্চায়েত এলাকায় নাগরিক পরিষেবা চরমভাবে ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তাঘাট, নিকাশি ব্যবস্থা, পানীয় জল, স্ট্রিট লাইট, মশা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা—প্রায় সব ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে অব্যবস্থার অভিযোগ উঠে এসেছে।বাসিন্দাদের দাবি, উত্তর-পূর্বাঞ্চলের ‘সিংহদ্বার’ হিসেবে পরিচিত সাব্রুমে উন্নয়নের নানা দাবি করা হলেও বাস্তবে নাগরিক পরিষেবার মান অত্যন্ত নিম্নমুখী। অধিকাংশ রাস্তার অবস্থা বেহাল, নিকাশি নালা নিয়মিত পরিষ্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জল জমে যায়। অনেক এলাকায় নোংরা জল ও বর্জ্য রাস্তায় উপচে পড়ে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছে।এলাকাবাসীর আরও অভিযোগ, রাস্তার দু’পাশে আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার না করায় সাপ ও বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব বেড়েছে। একই সঙ্গে নিকাশি নালায় নিয়মিত মশা দমন কার্যক্রম না হওয়ায় মশার উপদ্রবও উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে।নগরের বিভিন্ন ওয়ার্ডে সন্ধ্যার পর স্ট্রিট লাইট না জ্বলার অভিযোগও তুলেছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, অন্ধকার রাস্তায় মোবাইলের আলো জ্বালিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ ও পড়ুয়ারা, যা নিরাপত্তার দিক থেকেও উদ্বেগজনক।পানীয় জল সরবরাহ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকরা। তাঁদের অভিযোগ, নির্দিষ্ট সময়সূচি না থাকায় কখন জল আসবে তা আগে থেকে জানা যায় না। অথচ নিয়মিত কর (ট্যাক্স) আদায় করা হলেও সেই অনুপাতে পরিষেবা মিলছে না।এলাকাবাসীর দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা, আগাছা পরিষ্কার, নিকাশি ব্যবস্থার উন্নয়ন, পর্যাপ্ত স্ট্রিট লাইট এবং নিরবচ্ছিন্ন পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে নগর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তবে এই অভিযোগগুলির বিষয়ে সাব্রুম নগর পঞ্চায়েতের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *