নিজস্ব প্রতিনিধি | আগরতলা | ২৭ জুলাইনিজেদের কাস্টমারি ল (প্রচলিত প্রথাগত আইন)-এর স্বীকৃতি ও কার্যকর বাস্তবায়নের দাবিতে সোমবার রাজ্যের ১৯টি ত্রিপুরা উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার সরকারি বাসভবনে ডেপুটেশন প্রদান করেন।প্রতিনিধিদল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দীর্ঘদিনের বিভিন্ন দাবি, কাস্টমারি ল-এর সাংবিধানিক ও প্রশাসনিক স্বীকৃতির বিষয়সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তাঁর সামনে তুলে ধরেন। তাঁদের বক্তব্য, নিজস্ব প্রথাগত আইন ও ঐতিহ্য সংরক্ষণের স্বার্থে এই দাবিগুলির দ্রুত বাস্তবায়ন অত্যন্ত জরুরি।সাক্ষাৎ শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, মুখ্যমন্ত্রী তাঁদের বক্তব্য মনোযোগ সহকারে শুনেছেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন।প্রতিনিধিদল আশা প্রকাশ করেছে, সরকারের ইতিবাচক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথে অগ্রগতি হবে এবং উপজাতি সম্প্রদায়গুলির প্রথাগত অধিকার ও ঐতিহ্য সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
কাস্টমারি ল-এর স্বীকৃতির দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ১৯ ত্রিপুরা উপজাতি সম্প্রদায়
