Headlines

স্কুল ছুটিতেই থমকে যায় বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়ক! ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবিতে সরব অভিভাবকরা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের কারণে কার্যত অচল হয়ে পড়ছে বিশ্রামগঞ্জ-মেলাঘর সড়ক। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জ ইলেকট্রিক অফিস সংলগ্ন লালটিলা ডন বসকো স্কুলের সামনে দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার স্থায়ী সমাধানে ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি তুলেছেন অভিভাবক ও এলাকাবাসী।স্থানীয়দের অভিযোগ, স্কুল ছুটির সময় ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং বিভিন্ন যানবাহনের অতিরিক্ত ভিড়ের কারণে প্রায় ১৫ মিনিটের জন্য পুরো সড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। ট্রাফিক নিয়ন্ত্রণে কোনো পুলিশ বা বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিনই দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।এর ফলে স্কুলপড়ুয়া, অভিভাবক, পথচারী এবং যাত্রীবাহী যানবাহনের চালক-যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সবচেয়ে বেশি উদ্বেগ দেখা দিয়েছে শিশুদের নিরাপত্তা নিয়ে।অভিভাবকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একই সমস্যা চললেও প্রশাসনের পক্ষ থেকে এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁদের দাবি, স্কুল ছুটির নির্দিষ্ট সময়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করা হলে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং শিক্ষার্থীদের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত হবে।এলাকাবাসী আশা প্রকাশ করেছেন, প্রশাসন বিষয়টির গুরুত্ব বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। প্রতিদিনের এই যানজটের স্থায়ী সমাধান এখন বিশ্রামগঞ্জবাসীর অন্যতম প্রধান দাবি হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *