দূর-দূরান্তের বাড়ি ছেড়ে হোস্টেলে থেকে পড়াশোনা করা জনজাতি ছাত্রছাত্রীদের সুযোগ-সুবিধা ও সমস্যার খোঁজ নিতে সরেজমিনে পরিদর্শন অব্যাহত রেখেছেন জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী বিকাশ দেববর্মা। শুক্রবার রাতে আগরতলার সুপারি বাগান এলাকার অনঙ্গ মোহিনী জনজাতি গার্লস হোস্টেলে গিয়ে আবাসিক ছাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি।রাত সাড়ে ৮টা নাগাদ হোস্টেলে পৌঁছে প্রায় ১৫০ জন ছাত্রীর সঙ্গে কথা বলেন মন্ত্রী। পড়াশোনার পরিবেশ, খাবারের মান, নিরাপত্তা এবং দৈনন্দিন পরিষেবা নিয়ে ছাত্রীদের কাছ থেকেই বিস্তারিত খোঁজ নেন তিনি।সম্প্রতি এই হোস্টেলের এক ছাত্রী ছাদ থেকে পড়ে আহত হওয়ার ঘটনাও সামনে এসেছিল। বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হোস্টেলের নিরাপত্তা ও পরিকাঠামোগত বিষয়ও খতিয়ে দেখেন মন্ত্রী।বিকাশ দেববর্মা জানান, দূর-দূরান্ত থেকে এসে হোস্টেলে থাকা পড়ুয়াদের যাতে কোনও সমস্যার মুখোমুখি হতে না হয়, সেদিকে বিশেষ নজর দিচ্ছে দফতর। খাবার, নিরাপত্তা ও নিত্যপ্রয়োজনীয় পরিষেবার মান উন্নত করার পাশাপাশি পড়াশোনার উপযুক্ত পরিবেশ তৈরিতেও গুরুত্ব দেওয়া হচ্ছে।মন্ত্রী জানান, আগে একজন পড়ুয়ার দৈনিক খাবারের জন্য বরাদ্দ ছিল প্রায় ৪০ থেকে ৪৫ টাকা। বর্তমানে সেই বরাদ্দ বাড়িয়ে ১০০ টাকা করা হয়েছে। এর ফলে আবাসিকদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানান তিনি।জনজাতি ছাত্রছাত্রীদের জন্য হোস্টেল-ভিত্তিক শিক্ষার সুযোগ ও পরিকাঠামো আগের তুলনায় অনেকটাই বিস্তৃত হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। পাশাপাশি নারীশিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মহিলাদের শিক্ষিত করে স্বনির্ভর ও সক্ষম করে তোলার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।প্রশাসনিক পরিদর্শনের পাশাপাশি আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনার এই উদ্যোগে হোস্টেল পরিষেবার মান আরও উন্নত করার বার্তাই উঠে এসেছে।
হোস্টেলে রাতের পরিদর্শনে মন্ত্রী বিকাশ, ছাত্রীদের মুখে শুনলেন সমস্যা
