আগরতলা, ৩১ জুলাই: প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি পূজাস্থল দখল ও বিক্রির চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকা। ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়ে পূজার ঐতিহ্যবাহী স্থানটি ফিরিয়ে দেওয়ার দাবি তুলেছেন।স্থানীয়দের অভিযোগ, জীবন দে ও সুজিত দত্ত নামে দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে পূজার জন্য ব্যবহৃত ওই জমি অবৈধভাবে দখল করে বিক্রির চেষ্টা করছেন। তাঁদের আরও দাবি, অভিযুক্তরা অতীতেও এলাকার বিভিন্ন জমি অবৈধভাবে বিক্রি করেছেন।বাসিন্দাদের বক্তব্য, গত ২৫ বছর ধরে ওই স্থানেই নিয়মিত দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে। এতদিন পর্যন্ত কেউ জমির মালিকানা দাবি না করলেও সম্প্রতি হঠাৎ করে মালিকানা দাবি তুলে জমি বিক্রির উদ্যোগ নেওয়ায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জমির মালিকানা ও বিক্রির আইনি বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।এই ঘটনায় প্রায় ২০০টি পরিবারের পক্ষ থেকে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, ২৯ নম্বর ওয়ার্ড অফিস এবং ৪৫ নম্বর বুথে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।এলাকাবাসীর দাবি, পূজাস্থলটি পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
২৫ বছরের দুর্গাপূজার স্থান দখলের অভিযোগ, রাস্তায় নেমে বিক্ষোভে অজিত পল্লীর বাসিন্দারা
