আগরতলা, নিজস্ব প্রতিনিধি: রাজ্যে হঠাৎ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহা। তিনি বলেন, বাজারে মূল্যবৃদ্ধির বিষয়টি সরকারের নজরে রয়েছে এবং সাধারণ মানুষের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।মুখ্যমন্ত্রী জানান, বাজার পরিস্থিতির ওপর সংশ্লিষ্ট দপ্তর নিয়মিত নজরদারি চালাচ্ছে। কোথাও যদি অযৌক্তিকভাবে মূল্য বৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি বা মজুতদারির অভিযোগ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও বলেন, সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ যাতে না পড়ে, সে বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।সাম্প্রতিক সময়ে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান মুখ্যমন্ত্রী।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, নজরদারি বাড়ানোর আশ্বাস
