উদয়পুর, ২৮ জুলাই: মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল গোমতী জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৭০টি পৃথক কৌটায় রাখা আনুমানিক ৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায়ের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, সিপাহীজলা জেলার মেলাঘর থেকে TR03C-3018 নম্বরের একটি অটোয় মাদক পাচার করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় উদয়পুরের বিবেক সংঘ সংলগ্ন এলাকায় অটোটি আটক করে পুলিশ।অটোতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন—বিশাল দাস (ছনবন), রবি চৌধুরী (সোনামুড়া চৌমুহনী) এবং অর্ঘ্য দাস (এগ্রিকালচার চৌমুহনী)। তল্লাশির সময় বিশাল দাসের কাছ থেকে ৭০টি কৌটায় রাখা সন্দেহভাজন ব্রাউন সুগার উদ্ধার হয়।পরে রাধাকিশোরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে। উদ্ধার হওয়া মাদকদ্রব্যের ওজন ও প্রাথমিক পরীক্ষা শেষে তা বাজেয়াপ্ত করা হয়েছে। আটক অটোসহ তিন অভিযুক্তকে রাধাকিশোরপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানান, এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, ধৃত বিশাল দাসের বিরুদ্ধে পূর্বেও একটি এনডিপিএস মামলা রয়েছে। গোটা মাদকচক্রের নেটওয়ার্ক উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে
৭০ কৌটায় ব্রাউন সুগারসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, গোমতী পুলিশের বড় সাফল্য
