নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েতের প্রধান ও বিজেপি নেত্রী শিখা দাসের বাড়ির পুকুরে বিষ প্রয়োগের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাব্রুম থানার অন্তর্গত সাতচাঁদ আরডি ব্লকের পশ্চিম হরিণা এলাকায়।পরিবারের দাবি, মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতিকারীরা পুকুরে বিষ ঢেলে যায়। বুধবার সকালে পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেখেন, পুকুরের প্রায় সব মাছ ভেসে উঠেছে। খবর ছড়িয়ে পড়তেই এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমান এবং পরে সাব্রুম থানায় খবর দেওয়া হয়।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে এবং পরিবারের পক্ষ থেকে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। পঞ্চায়েত প্রধান শিখা দাস জানান, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা প্রত্যক্ষভাবে কেউ দেখেননি। তবে রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তার সন্দেহ।পরিবারের দাবি, প্রায় পাঁচ কুইন্টাল মাছ নষ্ট হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য দেড় লক্ষ টাকারও বেশি। ঘটনায় তারা উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।এদিকে, সম্প্রতি সাব্রুম এলাকায় একের পর এক নাশকতার অভিযোগ সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। সচেতন নাগরিকদের দাবি, এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
বিজেপি নেত্রীর পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ, সাব্রুমে চাঞ্চল্য
