বিশালগড়, ১০ সেপ্টেম্বর: বার্ষিক পূজার প্রস্তুতির মধ্যেই মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিশালগড়ে। রাউৎখলা এলাকার শিব কালী মন্দিরে গভীর রাতে চোরের দল হানা দিয়ে প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে বিশালগড় থানাধীন রাউৎখলা শিব কালী মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। মন্দিরের প্রণামী বাক্স ভেঙে টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। বিষয়টি পুলিশ প্রশাসনকে জানানো হলেও দ্রুত কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্দির কমিটির সদস্যরা।স্থানীয়দের অভিযোগ, বিশালগড়ের বিভিন্ন এলাকায় বাড়িঘর থেকে শুরু করে মন্দিরেও চুরির ঘটনা ঘটছে। রাতের সময় পুলিশের টহলদারি আরও জোরদার করার দাবি জানিয়েছেন তাঁরা।এদিকে, চুরির ঘটনা নিয়ে বৃহস্পতিবার সকালে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন মন্দির কমিটির কর্মকর্তারা। তাঁরা দ্রুত তদন্ত করে চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি মন্দির ও সাধারণ মানুষের নিরাপত্তায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি জানান।তবে পুলিশের সঙ্গে কোনও অংশের যোগসাজশ রয়েছে—এমন অভিযোগও স্থানীয়দের একাংশের তরফে করা হয়েছে। এই অভিযোগের সত্যতা অবশ্য এখনও প্রমাণিত নয় এবং বিষয়টি তদন্তসাপেক্ষ।
পূজার আগে মন্দিরে চোরের হানা! প্রণামী বাক্স ভেঙে টাকা লুট বিশালগড়ে
