পানীয় জলের চরম সংকটের প্রতিবাদে পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। ঘটনাটি ঘটেছে যুবরানগর ব্লকের অন্তর্গত রাজনগর গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে।স্থানীয়দের অভিযোগ, জল জীবন মিশনের পাম্প থেকে গত প্রায় তিন মাস ধরে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জল পাচ্ছেন না। পাম্পের একটি প্রধান সংযোগ লাইন দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে থাকলেও বারবার অভিযোগ জানিয়েও সমস্যার সমাধান হয়নি।পরিস্থিতি চরম আকার ধারণ করায় বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা পাম্প হাউসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ জানান এবং সেখানে তালা ঝুলিয়ে দেন। তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজের সময় নিম্নমানের পাইপ ব্যবহার করার কারণেই বারবার পাইপ ফেটে জল অপচয় হচ্ছে এবং সরবরাহ ব্যাহত হচ্ছে।এদিন পাম্প অপারেটর দেবাশীষ দেবনাথের সঙ্গেও কথা বলেন আন্দোলনকারী মহিলারা। অপারেটর জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে এবং দ্রুত পাইপ মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করা হবে।তবে প্রতিবাদী মহিলারা পাম্প হাউসের চাবি নিজেদের হেফাজতে রেখেছেন। তাঁদের স্পষ্ট বক্তব্য, দ্রুত পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।
তিন মাস জল নেই, পাম্প হাউসে তালা! ক্ষোভে সরব রাজনগরের মহিলারা
