Headlines

কসবা মেলায় উদ্বোধনী ‘ফ্লপ শো’! ফাঁকা মঞ্চে ক্ষোভ, কাঠগড়ায় মেলা কমিটি

কমলাসাগর: শত বছরের ঐতিহ্যবাহী কমলাসাগর কসবা ভাদ্র মেলার উদ্বোধন ঘিরে চরম অব্যবস্থাপনা ও প্রশাসনিক সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছে। মেলার আগে ব্যাপক প্রচার চালানো হলেও উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ঘোষিত বিশিষ্ট অতিথিদের কাউকেই দেখা যায়নি বলে অভিযোগ। ঘটনায় ভক্ত ও পুণ্যার্থীদের একাংশের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।প্রচার অনুযায়ী, মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহার হাত ধরে মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল। প্রধান অতিথি হিসেবে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক সুশান্ত দেব, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলাশাসক ড. সিদ্ধার্থ শিব জয়সওয়াল ও পুলিশ সুপার বিজয় দেববর্মার উপস্থিতির কথাও জানানো হয়েছিল।কিন্তু নির্ধারিত সময় বিকেল ৫টার পরিবর্তে অনুষ্ঠান শুরু হয় প্রায় সন্ধ্যা ৭টায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ফাঁকা চেয়ার ও খালি মঞ্চ দেখে অনেক দর্শক বাড়ি ফিরে যান বলে অভিযোগ। শেষ পর্যন্ত মেলা কমিটির চেয়ারম্যান তথা স্থানীয় বিধায়িকা অন্তরা দেব সরকারকে দিয়েই উদ্বোধন করানো হয়। পরে মহকুমা শাসক ভিঙ্কি সাহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক নান্টু দেবসহ স্থানীয় কয়েকজনকে মঞ্চে তুলে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন পর্ব শেষ করা হয়।অভিযোগ উঠেছে, মাইকিং ও ফ্লেক্সের মাধ্যমে ব্যাপক প্রচার চালানো হলেও বাস্তবে উদ্বোধনী অনুষ্ঠানে তার প্রতিফলন দেখা যায়নি। একইসঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্য ও সাধারণ মানুষের উপস্থিতিও প্রত্যাশিত ছিল না বলে দাবি করা হয়েছে।অন্যদিকে, মেলার মূল প্রাঙ্গণ থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে যানবাহন আটকে দেওয়ায় বয়স্ক ও দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সমস্যায় পড়তে হয়েছে বলে অভিযোগ। পুলিশের এই ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।সব মিলিয়ে ঐতিহ্যবাহী কসবা মেলার উদ্বোধন ঘিরে অব্যবস্থাপনা, অতিথিদের অনুপস্থিতি ও পুণ্যার্থীদের ভোগান্তি নিয়ে প্রশ্ন উঠেছে। মেলা পরিচালনায় প্রশাসনিক সমন্বয়ের অভাবের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের জবাবদিহির দাবি জানিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসীর একাংশ। তবে এসব অভিযোগের বিষয়ে মেলা কমিটি বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *