শান্তিরবাজার: দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে সামনে রেখে সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে উদ্যোগী হয়েছে শান্তিরবাজার পূর্ত দপ্তর। নিজেদের সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছেন দপ্তরের কর্মীরা।এরই অংশ হিসেবে শনিবার শান্তিরবাজার পূর্ত দপ্তরের কার্যালয়ে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। পড়ুয়াদের মধ্যে এই প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার কার্যালয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হবে। আগামী ১৫ সেপ্টেম্বর শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাঁদের আত্মীয়-পরিজন এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হবে।এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করে বিশ্বকর্মা পুজোর দিন অনুষ্ঠানের মঞ্চে পুরস্কৃত করবেন উপস্থিত অতিথিরা।শনিবারের কর্মসূচি ও আগামী দিনের পরিকল্পনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে বিস্তারিত জানান শান্তিরবাজার পূর্ত দপ্তরের এসডিও প্রবীর বরণ দাস।পূর্ত দপ্তরের এই উদ্যোগকে ঘিরে কর্মী, পড়ুয়া ও স্থানীয়দের মধ্যে উৎসাহের পরিবেশ তৈরি হয়েছে।
বিশ্বকর্মা পুজোয় মানবিক উদ্যোগ, শান্তিরবাজারে কুইজে মেতে উঠল পড়ুয়ারা
