Headlines

কর্তব্যের ফাঁকে উৎসবের আনন্দ, বিশ্বকর্মা পুজোয় সেজে উঠছে কুমারঘাটের TSR ক্যাম্প

কুমারঘাট: সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব পালনের পাশাপাশি উৎসবের আনন্দেও মেতে উঠেছেন টিএসআর জওয়ানরা। দেবশিল্পী বিশ্বকর্মার আরাধনাকে ঘিরে ঊনকোটি জেলার কুমারঘাটের সায়দাবাড়িতে ১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়ন ক্যাম্পে এখন সাজো সাজো রব।সামনেই বিশ্বকর্মা পুজো। তাই সকাল থেকে রাত পর্যন্ত নিজেদের দায়িত্ব পালনের পাশাপাশি পুজোর প্রস্তুতিতেও ব্যস্ত জওয়ানরা। কেউ তৈরি করছেন প্যান্ডেল, কেউ ব্যস্ত প্রতিমা ও মণ্ডপ সাজানোর কাজে। নিজেদের হাতেই ধীরে ধীরে গড়ে তুলছেন পুজোর যাবতীয় আয়োজন।এবছর ক্যাম্পে কাল্পনিক মন্দিরের আদলে তৈরি হচ্ছে পুজোর প্যান্ডেল। প্রতিমা নির্মাণ থেকে শুরু করে রং, সাজসজ্জা এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ—সবই নিজেদের উদ্যোগে করছেন বাহিনীর সদস্যরা। পুজোর দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রস্তুতির ব্যস্ততা।১৫ নম্বর টিএসআর ব্যাটেলিয়নের কমান্ডেন্ট নবদ্বীপ জমাতিয়া জানান, অন্যান্য বছরের মতো এবছরও ক্যাম্পে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে। নিজেদের উদ্যোগ ও সামর্থ্য অনুযায়ী সুন্দরভাবে পুজো সম্পন্ন করার প্রস্তুতি চলছে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করতে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জওয়ানরা পরিশ্রম করছেন।তবে টিএসআর জওয়ানদের এই পুজো শুধু ধর্মীয় আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ নয়। উৎসবের আনন্দ ভাগ করে নিতে মানবিক উদ্যোগও নিয়েছে বাহিনী। কমান্ডেন্ট জানান, গত বছর স্থানীয় অনাথ আশ্রমে বস্ত্র বিতরণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবছরও পুজোর দিনে এলাকার গরিব ও দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।ফলে সায়দাবাড়ির টিএসআর ক্যাম্পে বিশ্বকর্মা পুজো হয়ে উঠেছে কর্তব্য, উৎসব ও মানবিকতার এক সুন্দর মিলনমঞ্চ। নিরাপত্তার কঠোর দায়িত্বের মাঝেও দেবশিল্পীর আরাধনাকে ঘিরে জওয়ানদের এই আয়োজন ইতিমধ্যেই এনে দিয়েছে উৎসবের আবহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *