মাত্র এক পশলা বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল বিশালগড়ের নিচের বাজার এলাকা। অপর্যাপ্ত ও বেহাল ড্রেনেজ ব্যবস্থার কারণে বাজারজুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, যা কার্যত ‘মিনি সমুদ্র’-এর চেহারা নিয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ ক্রেতারা।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বাজার এলাকার নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। সামান্য বৃষ্টিতেই ড্রেন উপচে জল রাস্তায় উঠে আসে এবং ঘণ্টার পর ঘণ্টা সেই জল নামার কোনও ব্যবস্থা থাকে না। এতে দোকানে জল ঢুকে ব্যবসায়ীদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি বাজারে আসা ক্রেতাদেরও হাঁটু জল পেরিয়ে চলাচল করতে হচ্ছে।ব্যবসায়ীদের দাবি, বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার স্থায়ী সমাধানে কার্যকর কোনও উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে বলে অভিযোগ তাঁদের।স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত ড্রেন সংস্কার ও উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন। তাঁদের মতে, অবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষার বাকি সময় জুড়ে বাজার এলাকায় জনদুর্ভোগ আরও বাড়বে এবং ব্যবসায় মারাত্মক প্রভাব পড়বে।বিশালগড়ের অন্যতম ব্যস্ত এই বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার পুনরাবৃত্তি প্রশাসনের প্রস্তুতি ও পরিকাঠামো নিয়েই বড় প্রশ্ন তুলে দিয়েছে। এখন দেখার, ক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি মেনে প্রশাসন কত দ্রুত সমস্যার স্থায়ী সমাধানে পদক্ষেপ গ্রহণ করে।
এক পশলা বৃষ্টিতেই জলের তলায় বিশালগড় নিচের বাজার, ক্ষোভে ফুঁসছেন ব্যবসায়ীরা
