Headlines

গ্যাস সিলিন্ডারে ২–৪ কেজি ওজন কমের অভিযোগ! শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিক্ষোভ, তদন্তের দাবি

শান্তিরবাজার: এলপিজি গ্যাস সিলিন্ডারে নির্ধারিত ওজনের তুলনায় গ্যাস কম থাকার অভিযোগকে কেন্দ্র করে সোমবার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্রনগর শহীদ স্মৃতি বিদ্যামন্দির সংলগ্ন এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। শান্তি গ্যাস এজেন্সির বিরুদ্ধে একাধিক গ্রাহক ওজনে গরমিল এবং অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হন।স্থানীয় সূত্রে জানা যায়, অন্যান্য দিনের মতো এদিনও গ্রাহকদের মধ্যে এলপিজি গ্যাস সিলিন্ডার বিতরণ করা হচ্ছিল। এসময় কয়েকজন গ্রাহকের সন্দেহ হলে তারা উপস্থিত কর্মীদের সামনেই সিলিন্ডারের ওজন করার দাবি জানান। অভিযোগ, ওজন করে দেখা যায় একাধিক সিলিন্ডারে নির্ধারিত পরিমাণের তুলনায় প্রায় ২ থেকে ৪ কেজি পর্যন্ত গ্যাস কম রয়েছে। গ্রাহকদের দাবি, পরীক্ষা করা প্রায় ১০টি সিলিন্ডারের মধ্যে মাত্র একটি সিলিন্ডারে সঠিক ওজন পাওয়া যায়, বাকি সিলিন্ডারগুলিতে ওজনে গরমিল ধরা পড়ে।এই ঘটনায় ক্ষুব্ধ গ্রাহকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই এ ধরনের অনিয়ম চললেও যথাযথ নজরদারির অভাবে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তাঁদের দাবি, প্রতিটি গ্যাস সিলিন্ডার গ্রাহকের হাতে তুলে দেওয়ার আগে বাধ্যতামূলকভাবে ওজন নিশ্চিত করতে হবে এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।এছাড়াও কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, এলাকায় গ্যাসের সংকটের সময় অতিরিক্ত অর্থের বিনিময়ে সহজেই গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। এই অভিযোগেরও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে তাঁরা খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তর এবং সংশ্লিষ্ট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *