আগরতলা, ১২ সেপ্টেম্বর: টমটমে ভুল করে ফেলে যাওয়া প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা মূল্যের সোনার গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল এনসিসি থানার পুলিশ। পুলিশের তৎপরতায় হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের মুখে।জানা গেছে, গত ১ সেপ্টেম্বর নিরঞ্জন দেবনাথ পরিবারকে সঙ্গে নিয়ে গোর্খাবস্তির পিএন কমপ্লেক্স এলাকা থেকে টমটমে করে রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হন। যাত্রাপথে অসাবধানতাবশত টমটমে একটি ব্যাগ ফেলে যান তিনি। ব্যাগের মধ্যে ছিল দুই জোড়া সোনার চুড়ি, একটি সোনার চেন ও একটি মঙ্গলসূত্র। সব মিলিয়ে গয়নার ওজন প্রায় দুই ভরি এবং বাজারমূল্য আনুমানিক ৩ লক্ষ ২৫ হাজার টাকা।ব্যাগটি হারিয়ে যাওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে নামে এনসিসি থানার পুলিশ। IT ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট টমটমটি শনাক্ত করা হয়। এরপর SI জয়নাল হোসেনের তৎপরতায় টমটম চালকের বাড়িতে পৌঁছে পুলিশ। সেখান থেকেই উদ্ধার হয় ব্যাগসহ সমস্ত সোনার গয়না।পুলিশের জিজ্ঞাসাবাদে টমটম চালক জানান, ব্যাগটি যে তার গাড়িতে পড়ে রয়েছে, সে বিষয়টি তিনি নিজেও জানতেন না। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শনিবার প্রকৃত মালিক নিরঞ্জন দেবনাথের হাতে গয়নাগুলি তুলে দেয় পুলিশ।ঘটনায় পুলিশের দ্রুত তৎপরতা ও সিসিটিভি ফুটেজের কার্যকর ব্যবহারে হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী ফিরে পেল পরিবার। এ বিষয়ে বিস্তারিত জানান এনসিসি থানার ওসি পরিতোষ দাস।
টমটমে ফেলে যাওয়া সাড়ে ৩ লক্ষ টাকার গয়না উদ্ধার, মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ
