বিশ্রামগঞ্জ: থানা থেকে কয়েক হাত দূরত্বে থাকা বাড়ির বারান্দা থেকেই চোরের দল চুরি করে নিয়ে গেল একটি সিএনজি অটোরিকশা। রবিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। চুরি হওয়া অটোরিকশাটির নম্বর TR-07A-2101।ক্ষতিগ্রস্ত অটোচালক রাকেশ আচার্য অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য। জানা গেছে, অটোরিকশাটি তার নিজের নয়। তিনি বিশ্রামগঞ্জ বড়জলা এলাকার ইন্দ্রজিৎ সরকারের কাছ থেকে মাসিক ৭ হাজার টাকা ভাড়ায় গাড়িটি নিয়ে চালাতেন। সেই আয় দিয়েই চলত সংসার এবং দুর্ঘটনায় হাত-পা ভেঙে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী মা পুষ্পরাণী আচার্যের চিকিৎসা ও দেখাশোনার খরচ।এক নিমেষে জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন রাকেশ। ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ অটো সংগঠনের সভাপতি নিতাই পাল ও সম্পাদক মোঃ শাহ আলম তার বাড়িতে পৌঁছে পরিবারের পাশে দাঁড়ান এবং দ্রুত গাড়ি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।এলাকাবাসীর অভিযোগ, থানার এত কাছাকাছি এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
থানা থেকে ঢিলছোড়া দূরত্বে অটো চুরি, অসহায় চালকের পাশে অটো সংগঠন
