Headlines

ফাঁকা বাড়িতে হানা! তালা ভেঙে স্বর্ণালংকার-নগদ লুট কাঞ্চনপুরে

কাঞ্চনপুর মহকুমার লালজুরি এলাকায় ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে ঢুকে আলমারির লকার ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল।জানা গেছে, লালজুরি এলাকার বাসিন্দা নির্মল নাথের বাড়িতে রবিবার দুপুরে এই চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ। বাড়ির মালিক নির্মল নাথ সেই সময় কাঞ্চনপুরে ছিলেন। অন্যদিকে তাঁর মা বাড়িতে তালা লাগিয়ে পাশের বাড়িতে আয়োজিত বিজেপির একটি ভিলেজ কাউন্সিল নির্বাচনী বৈঠকে যোগ দিতে যান।বিকেলে বাড়িতে ফিরে তাঁর মা দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা। ভিতরে ঢুকে দেখা যায়, ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারির লকারও ভাঙা। পরিবারের দাবি, আলমারি থেকে আনুমানিক ১ লক্ষ টাকা মূল্যের চারটি স্বর্ণালংকার এবং প্রায় ১০ হাজার টাকা নগদ খোয়া গেছে।ঘটনার পরই লালজুরি পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।পরিবারের দাবি, চুরির ঘটনাটি পরিকল্পিত হতে পারে। এখন পুলিশের তদন্তেই স্পষ্ট হবে, কারা এই চুরির সঙ্গে জড়িত। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *