জোলাইবাড়ী, ১৫ জুনঃ সামাজিক যোগাযোগ মাধ্যমে উন্নয়নের নানা চিত্র তুলে ধরা হলেও বাস্তবে তার প্রতিফলন মিলছে না—এমনই অভিযোগ উঠেছে দক্ষিণ ত্রিপুরার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রকে ঘিরে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে জল ও রাস্তার সমস্যায় ভুগলেও প্রশাসনের তরফে কার্যকর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মী-সমর্থক ও নেতৃত্বের অক্লান্ত পরিশ্রমে বামফ্রন্টকে পরাজিত করে আইপিএফটি প্রার্থী শুক্লাচরণ নোয়াতিয়া জয়ী হন। পরবর্তীতে তাঁকে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়। ফলে জোলাইবাড়ীর উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আশার সঞ্চার হয়েছিল। তবে স্থানীয়দের অভিযোগ, সামাজিক মাধ্যমে উন্নয়নের নানা প্রচার দেখা গেলেও বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।অভিযোগ উঠেছে, জোলাইবাড়ী দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে নতুন গ্যালারি নির্মাণের নামে পুরনো কাঠামো সংস্কার করে বিপুল পরিমাণ সরকারি অর্থ ব্যয়ের ঘটনা ঘটেছে। যদিও এই অভিযোগের সরকারি কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।এদিকে পশ্চিম জোলাইবাড়ী পশুখামার এলাকার বাসিন্দারা সংবাদমাধ্যমের সামনে তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁদের দাবি, বন্যার জলে ক্ষতিগ্রস্ত হওয়া রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। পঞ্চায়েত প্রতিনিধি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। বিশুদ্ধ পানীয় জলের সমস্যাও দিন দিন প্রকট আকার ধারণ করেছে বলে অভিযোগ।অবশেষে এলাকার মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে দ্রুত রাস্তা সংস্কার এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, নিত্যপ্রয়োজনীয় এই পরিষেবাগুলির অভাবে সাধারণ মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে।অন্যদিকে, স্থানীয় মহলে মন্ত্রী তথা বিধায়ক শুক্লাচরণ নোয়াতিয়ার উন্নয়নমূলক ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। পাশাপাশি ২০২৬ সালের এডিসি নির্বাচনে আইপিএফটি প্রার্থী দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। একাংশের দাবি, ওই আসনে আইপিএফটি প্রার্থী না দিলে বিজেপি সমর্থিত প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি ছিল। যদিও এই বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক মহলের অভিমত এবং সংশ্লিষ্ট পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।বর্তমানে পশ্চিম জোলাইবাড়ী এলাকার বাসিন্দাদের একটাই দাবি—যাতায়াতের উপযোগী রাস্তা এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে প্রশাসন যেন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে।
“ফেসবুকে উন্নয়নের ঝলক, বাস্তবে জল-রাস্তার হাহাকার! জোলাইবাড়ীতে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়ার ভূমিকা নিয়ে প্রশ্ন”
