আগরতলা, ১৮ জুন: রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি.এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে বসবাসের অভিযোগ উঠেছে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর বিরুদ্ধে। অভিযুক্ত সুবল দেবনাথ দীর্ঘদিন ধরে নিজের প্রভাব খাটিয়ে সরকারি জমিতে স্থাপনা নির্মাণ করে বসবাস করছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা যায়, শুধু সুবল দেবনাথই নন, তাঁর বাড়ির পাশেও আরও এক ব্যক্তি একইভাবে সরকারি জমি দখল করে বসবাস করছেন বলে অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, সম্প্রতি অভিযুক্ত ব্যক্তি বাড়ির সংলগ্ন এলাকায় একটি পাকা দেওয়ালও নির্মাণ করেছেন। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে এলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ।বৃহস্পতিবার এলাকাবাসীর একাধিক অভিযোগের ভিত্তিতে সংবাদমাধ্যম ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির সত্যতা যাচাই করতে গেলে সুবল দেবনাথ ক্যামেরার সামনে সরকারি জমিতে বসবাসের বিষয়টি স্বীকার করেছেন বলে দাবি করা হয়েছে।এলাকার সচেতন নাগরিকদের অভিযোগ, অভিযুক্তের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। ফলে দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে অসন্তোষ বাড়ছে।স্থানীয় বাসিন্দারা রাজ্য সরকার এবং আগরতলা পুরনিগমের মেয়রের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্তের মাধ্যমে সরকারি জমি দখলের অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।উল্লেখ্য, সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা নিরূপণের জন্য প্রশাসনিক তদন্ত প্রয়োজন
সরকারি জমি দখলের অভিযোগে বিতর্কে অবসরপ্রাপ্ত কর্মচারী! পূর্ব শিবনগরে ক্ষোভ এলাকাবাসীর
