Headlines

সিমনায় মরণফাঁদে পরিণত একমাত্র যোগাযোগের রাস্তা, ক্ষোভে ফুঁসছে মাটিয়া এলাকার মানুষ

১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার একমাত্র যোগাযোগের রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বর্তমানে তা কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। অথচ নতুন রাস্তা নির্মাণ কিংবা সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় বাসিন্দারা জানান, মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের জন্য এই একটিই প্রধান রাস্তা। প্রতিদিন স্কুল-কলেজের ছাত্রছাত্রী, চাকরিজীবী, রোগীসহ সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এই পথেই চলাচল করতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ তাদের।এলাকাবাসীর আশঙ্কা, কোনো অগ্নিকাণ্ড বা জরুরি পরিস্থিতি সৃষ্টি হলে দমকল বাহিনীর গাড়ি কিংবা জরুরি পরিষেবার যানবাহন এই রাস্তা দিয়ে সহজে প্রবেশ করতে পারবে না। ফলে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে।সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ চোখে পড়েনি। দ্রুত রাস্তার পুনর্নির্মাণ অথবা সংস্কারের কাজ শুরু করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে জোরালো দাবি জানিয়েছেন তারা।এলাকাবাসীর মতে, উন্নয়নের যুগে একটি এলাকার একমাত্র যোগাযোগের রাস্তার এমন বেহাল অবস্থা অত্যন্ত দুঃখজনক। তাই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে সর্বস্তর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *