মেলাঘর, ২০ জুন: মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই চুরি হওয়া একটি স্কুটি উদ্ধার করে প্রশংসা কুড়িয়েছে মেলাঘর থানার পুলিশ। দ্রুত পদক্ষেপ ও সফল অভিযানের ফলে খোয়া যাওয়া সম্পত্তি ফিরে পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্কুটির প্রকৃত মালিক।জানা গেছে, গতকাল বেলা প্রায় ১১টা নাগাদ মেলাঘর-উদয়পুর মূল সড়কের কামরাঙ্গা তুলি এলাকায় স্কুটি চুরির ঘটনাটি ঘটে। মেলাঘরের পদ্মাডেপার এলাকার এক বাসিন্দা ব্যক্তিগত কাজে রাস্তার পাশে স্কুটিটি রেখে নিকটবর্তী একটি বাড়িতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখেন, নির্দিষ্ট স্থানে স্কুটিটি নেই।চারপাশে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তিনি দ্রুত মেলাঘর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তদন্ত শুরু করে এবং চুরি হওয়া স্কুটি উদ্ধারে অভিযান চালায়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রের তথ্য, প্রযুক্তির ব্যবহার এবং যাত্রাপুর থানার সহযোগিতায় আজ চুরি যাওয়া স্কুটিটি উদ্ধার করা সম্ভব হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত চোর পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের জন্য তল্লাশি অব্যাহত রয়েছে।পরবর্তীতে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া স্কুটিটি প্রকৃত মালিকের হাতে তুলে দেয় মেলাঘর থানার পুলিশ। নিজের স্কুটি অক্ষত অবস্থায় ফিরে পেয়ে মালিক আনন্দ প্রকাশ করেন এবং পুলিশের দ্রুত ও কার্যকর ভূমিকার প্রশংসা করেন। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন।
২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার চুরি যাওয়া স্কুটি, মেলাঘর থানার তৎপরতায় খুশি মালিক
