আগরতলা, ১৫ জুনঃ বিকল্প পুনর্বাসনের কোনও সুস্পষ্ট ব্যবস্থা ছাড়াই মাত্র তিন দিনের মধ্যে দোকান খালি করে দেওয়ার নির্দেশ ঘিরে চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মুখে পড়েছেন আগরতলার নেতাজি চৌমুহনি সংলগ্ন একটি মার্কেটের ৫৩ জন ব্যবসায়ী।ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে দোকান খালি করার নির্দেশ দেওয়া হলেও তাঁদের জন্য কোথায় এবং কীভাবে ব্যবসা চালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও স্পষ্ট বার্তা দেওয়া হয়নি। উল্টো দিকের যে ভবনে স্থানান্তরের সম্ভাবনার কথা বলা হয়েছে, তা নিয়েও ধোঁয়াশা কাটেনি। ফলে জীবিকা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে ক্ষুদ্র ব্যবসায়ীদের।দীর্ঘদিন ধরে ওই মার্কেটে ব্যবসা করে বহু পরিবার জীবিকা নির্বাহ করে আসছে। হঠাৎ করে মাত্র তিন দিনের নোটিশে দোকান ছেড়ে দেওয়ার নির্দেশ পাওয়ায় তাঁরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। ব্যবসায়ীদের বক্তব্য, বিকল্প ব্যবস্থা নিশ্চিত না করে উচ্ছেদের মতো সিদ্ধান্ত তাঁদের আর্থিকভাবে বিপর্যস্ত করে তুলবে।ক্ষুব্ধ ব্যবসায়ীরা প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন, পুনর্বাসনের বিষয়টি স্পষ্ট না হওয়া পর্যন্ত দোকান খালি করার নির্দেশ স্থগিত রাখা হোক। একইসঙ্গে, নতুন জায়গায় ব্যবসা পরিচালনার উপযুক্ত পরিবেশ ও পরিকাঠামো নিশ্চিত করার দাবিও তুলেছেন তাঁরা।বর্তমানে ৫৩টি পরিবারের রুজি-রুটির প্রশ্নে সকলের নজর এখন সরকারের সিদ্ধান্তের দিকে। ব্যবসায়ীদের আশা, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে প্রশাসন দ্রুত সমস্যার সমাধানে এগিয়ে আসবে এবং তাঁদের জীবিকা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।
“৩ দিনের আল্টিমেটাম, অথচ নেই বিকল্প ব্যবস্থা! অনিশ্চয়তায় নেতাজি চৌমুহনির ৫৩ ব্যবসায়ীর ভবিষ্যৎ”
