প্রতিষ্ঠার চার দশক পূর্তি উপলক্ষে উৎসবের প্রস্তুতি কমলপুর মহাবিদ্যালয়ে। ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠান চল্লিশ বছরে পা দিতে চলেছে। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে কলেজের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে গঠিত অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে নেওয়া হয়েছে একদিনের নানা কর্মসূচি।এই উপলক্ষে মঙ্গলবার অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। জানানো হয়, আগামী ২৫ সেপ্টেম্বর কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠার ৪০ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক মনোজ কান্তি দেব। উপস্থিত থাকবেন সুরমা কেন্দ্রের বিধায়িকা স্বপ্না দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।অনুষ্ঠানের সূচনায় কলেজ প্রাঙ্গণে ৪০টি গাছ রোপণ করা হবে। এরপর কলেজের প্রাক্তন অধ্যক্ষদের সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সম্মেলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন থাকছে।চার দশকের পথচলায় কমলপুর মহাবিদ্যালয়ের অবদান ও স্মৃতিকে সামনে রেখে আয়োজিত এই অনুষ্ঠানে প্রাক্তন ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা ও বর্তমান পড়ুয়ারাও অংশ নেবেন বলে আয়োজকদের আশা। প্রতিষ্ঠা বার্ষিকীকে ঘিরে ইতিমধ্যেই কলেজজুড়ে শুরু হয়েছে জোরদার প্রস্তুতি।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল, অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী কেশব ভৌমিক, সম্পাদক আইনজীবী শ্যামল কান্তি পাল, যুগ্ম সম্পাদক বিভাস চক্রবর্তী, অনুষ্ঠানের কোঅর্ডিনেটর অধ্যাপক ডক্টর স্বপন শর্মা এবং অধ্যাপিকা ডক্টর অপর্ণা দে।
৪০-এ কমলপুর মহাবিদ্যালয়, ২৫ সেপ্টেম্বর দিনভর বর্ণাঢ্য আয়োজন
