পশ্চিম ত্রিপুরা জেলার লেফুঙ্গা থানার অধীন লেম্বুছড়া পুলিশ ফাঁড়ি এলাকার কালাপানিয়ায় এক চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। ছাগল নিয়ে প্রতিবেশীদের মধ্যে বিবাদকে কেন্দ্র করে এক পরিবারের বাড়িতে হামলা, মারধর এবং একাধিক মহিলাকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ সামনে এসেছে।অভিযোগ অনুযায়ী, কালাপানিয়া এলাকার বাসিন্দা রাজমোহন সরকারের বাড়িতে শনিবার সন্ধ্যায় কয়েকজন ব্যক্তি প্রবেশ করে পরিবারের সদস্যদের উপর হামলা চালায়। পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ির মহিলাদের মারধরের পাশাপাশি শ্লীলতাহানির চেষ্টাও করে। ঘটনায় শঙ্কর সরকার, রিনা সরকার, হীরক সরকার, হরকুমার সরকার, শ্যামল দাস, মানিক সরকার, আরতি সরকার, সুজিত সরকার, প্রণতি সরকার এবং প্রতিমা সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।ঘটনার পর আক্রান্ত পরিবার লেম্বুছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করতে গেলে, ফাঁড়ির সেকেন্ড অফিসার সন্তোষ দেববর্মা অভিযোগ গ্রহণ করতে অস্বীকার করেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের বক্তব্য বা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।ঘটনার সত্যতা এবং অভিযোগের বিষয়গুলি তদন্তসাপেক্ষ। আক্রান্ত পরিবার দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
ছাগল নিয়ে বিবাদের জেরে বাড়িতে হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে
