Headlines

নাটকের শহর খোয়াইয়ে শিশু নাট্য উৎসবে ভাটা! মাত্র সাত দলের অংশগ্রহণে হতাশ সাংস্কৃতিক মহল

একসময় রাজ্যের নাট্যচর্চার অন্যতম প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত খোয়াইয়ে শিশু নাট্য উৎসবের আয়োজন ঘিরে দেখা গেল হতাশাজনক চিত্র। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাত্র সাতটি নাট্যদল অংশগ্রহণ করায় উৎসবের সাফল্য নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।খোয়াই এমন একটি শহর, যেখান থেকে হীরেন্দ্র সিনহা, চন্দন সেনগুপ্ত, বিজন ভৌমিক, সঞ্জয় করসহ বহু বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রাজ্যের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করেছেন। সেই ঐতিহ্যবাহী নাট্যচর্চার কেন্দ্রেই শিশু নাট্য উৎসবের মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে দর্শক ও অংশগ্রহণকারীদের স্বল্প উপস্থিতি সাংস্কৃতিক মহলে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ-সভাধিপতি সত্যেন্দ্র দাস, বিশিষ্ট ব্যক্তিত্ব রঞ্জন দাস, অনিমেষ নাগ, রাজ্যের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব বিদ্যুৎজিৎ চক্রবর্তীসহ অন্যান্য অতিথিরা। ফাঁকা হলেই প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়।উপস্থিত সাংস্কৃতিক কর্মীদের একাংশের মতে, শিশুদের মধ্যে নাট্যচর্চার আগ্রহ বাড়াতে এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও প্রাণবন্ত করতে ভবিষ্যতে আরও কার্যকর পরিকল্পনা ও প্রচারের প্রয়োজন রয়েছে। অন্যদিকে, দর্শকশূন্য পরিবেশে এমন একটি গুরুত্বপূর্ণ উৎসব আয়োজন হওয়ায় অনেকেই হতাশা প্রকাশ করেছেন।নাটকের শহর হিসেবে পরিচিত খোয়াইয়ে শিশু নাট্য উৎসবের এমন চিত্র ভবিষ্যতের সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *