বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ বন্ধ, অতিরিক্ত শুল্ক প্রত্যাহার এবং স্মার্ট মিটার বাতিলের দাবিতে ধর্মনগরে প্রতিবাদ মিছিল ও গণঅবস্থান কর্মসূচি পালন করল ‘বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি’র ধর্মনগর বিভাগীয় কমিটি।সোমবার টিজিটিএ অফিসের সামনে থেকে মিছিল শুরু হয়ে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। সেখানে প্রায় দুই ঘণ্টা ধরে গণঅবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুভাষ চন্দ্র রায়।প্রধান বক্তা হিসেবে সিআইটিইউ রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত বিদ্যুতের শুল্ক, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ ও ফিক্সড চার্জ বৃদ্ধির সমালোচনা করেন। তাঁর অভিযোগ, বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে। একইসঙ্গে প্রিপেইড স্মার্ট মিটারের বিভিন্ন সমস্যা দূর করা এবং স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি।বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বণ্টন ব্যবস্থা বেসরকারীকরণের প্রচেষ্টা বন্ধ করে সরকারি নিয়ন্ত্রণ বজায় রাখা, বিদ্যুৎ (সংশোধনী) বিল-২০২৫ প্রত্যাহার, চুক্তিভিত্তিক ও আউটসোর্সিং কর্মীদের নিয়মিতকরণ, শূন্যপদ পূরণ এবং কর্মীদের জন্য সার্ভিস রুল কার্যকর করার দাবিও ওঠে।এছাড়া কর্মরত অবস্থায় দুর্ঘটনায় আহত বা নিহত বিদ্যুৎ কর্মীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিও জানানো হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্য রতন রায় এবং বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ।বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি দ্রুত পূরণ না হলে আগামী দিনে রাজ্যজুড়ে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
বিদ্যুৎ পরিষেবা বেসরকারীকরণ ও শুল্ক বৃদ্ধির প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ
