দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতির গোমতী জেলা কমিটি। এদিন জামতলা এলাকা থেকে সংগঠনের উদ্যোগে একটি বিশাল মিছিল বের হয়।মিছিলটি জামতলা থেকে শুরু হয়ে সেন্ট্রাল রোড, পুরাতন মোটরস্ট্যান্ড, মহাদেব দিঘির পাড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে গোমতী জেলা শাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সংগঠনের প্রতিনিধি দল জেলা শাসকের কাছে দশ দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক সুধন দাশ, দিলীপ দত্ত, নিখিল দাশসহ অন্যান্য নেতা-কর্মী ও সমর্থকরা।বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদক সুধন দাশ বলেন, তপশিলী জাতি সহ রাজ্যের সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতেই এই কর্মসূচি। ত্রিপুরায় তপশিলী জাতির জন্য সংরক্ষিত লোকসভা আসন বৃদ্ধি, রেগা ও টুয়েপি প্রকল্পে শ্রমদিবস ও মজুরি বৃদ্ধি, প্রতিটি পরিবারকে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ এবং দীর্ঘদিন ধরে শূন্য থাকা সরকারি পদে দ্রুত নিয়োগের দাবি জানান তিনি।এর পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণেরও দাবি তোলা হয়। স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুধন দাশ অভিযোগ করেন, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর অভাব রয়েছে। একইভাবে বিদ্যালয়ে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবি করেন তিনি।দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলেও অভিযোগ করেন সংগঠনের নেতারা। দাবি পূরণে দ্রুত পদক্ষেপ না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে।
দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির মিছিল-বিক্ষোভ!
