জনপ্রতিনিধির বাড়ির সামনে সরকারি অর্থে গার্ড ওয়াল নির্মাণ—এ নিয়ে বিতর্কে সোনামুড়া নগর পঞ্চায়েত। নগর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের কমিশনার সুনীতি নমঃ মল্লিকের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বাড়ির সীমানা ঘেঁষে নগর পঞ্চায়েতের অর্থে গার্ড ওয়াল নির্মাণের কাজ শুরু হয়েছে। আর এই নির্মাণকাজ ঘিরেই ক্ষোভ ছড়িয়েছে ঠাকুরমুড়ার স্থানীয় বাসিন্দাদের মধ্যে।স্থানীয়দের অভিযোগ, কমিশনারের বাড়ির সীমানার মধ্যে থাকা একটি ঘরকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই সরকারি অর্থে এই গার্ড ওয়াল তৈরি করা হচ্ছে। যদিও নির্মাণকাজের পেছনে জনস্বার্থের যুক্তি দেওয়া হচ্ছে বলে দাবি স্থানীয়দের।বাসিন্দাদের প্রশ্ন, সত্যিই যদি এটি জনস্বার্থে নির্মাণ করা হয়, তাহলে এলাকার দীর্ঘদিনের জল নিকাশি, রাস্তা ও গার্ড ওয়ালের সমস্যাগুলির সমাধান আগে করা হচ্ছে না কেন?স্থানীয়দের দাবি, বর্ষার সময় রাস্তার জল গড়িয়ে বাড়িতে ঢুকে পড়ায় এক বাসিন্দার শৌচালয়ের ট্যাঙ্ক পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য এক বাসিন্দার বাড়িতে দেখা দিয়েছে গুরুতর ফাটল। কমিশনারের বাড়ির সামনের রাস্তার পেছনের অংশের বাসিন্দারাও বর্ষাকালে জমা জলের কারণে যাতায়াতে সমস্যায় পড়েন বলে অভিযোগ।এর মধ্যেই কমিশনারের বাড়ির সামনে গার্ড ওয়াল নির্মাণ শুরু হওয়ায় আপত্তি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের আশঙ্কা, সরকারি অর্থে এই অংশের গার্ড ওয়াল তৈরি হয়ে গেলে পরবর্তীতে কমিশনার নিজ বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে সুবিধা পাবেন এবং খরচও কমবে।ঘটনাকে কেন্দ্র করে এখন স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠছে—সরকারি অর্থে নির্মাণকাজের প্রকৃত উদ্দেশ্য জনস্বার্থ, নাকি নির্বাচিত জনপ্রতিনিধির ব্যক্তিগত সুবিধা? বিষয়টি নিয়ে নগর পঞ্চায়েত কর্তৃপক্ষের স্পষ্ট ব্যাখ্যার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
জনস্বার্থের গার্ড ওয়াল, নাকি কমিশনারের বাড়ির সুরক্ষা? সোনামুড়ায় উঠছে প্রশ্ন
