বিশ্রামগঞ্জ, ২৯ জুন: ইংরেজি বিষয়ের শিক্ষিকা তানিয়া সাহার বদলির প্রতিবাদে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিশ্রামগঞ্জ দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন ছাত্রছাত্রীরা।বিক্ষোভরত শিক্ষার্থীদের দাবি, বিদ্যালয়ে ইংরেজি বিষয়ের শিক্ষক সংকট থাকায় তানিয়া সাহার বদলির সিদ্ধান্ত তাদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব ফেলবে। তাই অবিলম্বে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়ে বিদ্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন তারা।আন্দোলনরত ছাত্রছাত্রীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দিনের মধ্যেই যদি বদলির আদেশ বাতিল না করা হয়, তবে তারা জাতীয় সড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনে নামবেন।ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় চত্বরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।
ইংরেজি শিক্ষিকার বদলিতে স্কুলে তালা, আন্দোলনে বিশ্রামগঞ্জের ছাত্রছাত্রীরা
