দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটানোর প্রতিবাদে শনিবার সকালে রাস্তায় নেমে বিক্ষোভে সামিল হন আমবাসার ঈশানচন্দ্র পাড়ার বাসিন্দারা। বিদ্যুৎ পরিষেবা পুনরুদ্ধারের দাবিতে আমবাসা-গণ্ডাছড়া সড়কের আড়াই মাইল এলাকায় পথ অবরোধ করে তাঁরা ক্ষোভ উগরে দেন।স্থানীয়দের অভিযোগ, গত এক মাসেরও বেশি সময় ধরে তাঁদের এলাকায় বিদ্যুৎ পরিষেবা সম্পূর্ণভাবে ব্যাহত। বারবার বিদ্যুৎ দপ্তরের দ্বারস্থ হওয়া সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় বাধ্য হয়েই আন্দোলনের পথ বেছে নেন তাঁরা। সকাল প্রায় ১০টা নাগাদ শুরু হওয়া এই অবরোধের জেরে আমবাসা-গণ্ডাছড়া প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পাশাপাশি পণ্ড হয়ে যায় আমবাসার সাপ্তাহিক হাটও, যার ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েন।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আমবাসা থানার পুলিশ। পুলিশ অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দেন, বিদ্যুৎ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা উপস্থিত হয়ে সুনির্দিষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তাঁরা অবরোধ প্রত্যাহার করবেন না।পরিস্থিতির গুরুত্ব বুঝে পরে বিদ্যুৎ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তাঁরা দ্রুত নতুন ট্রান্সফর্মার স্থাপন করে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন।দপ্তরের আশ্বাসে আস্থা রেখে দুপুর প্রায় ১২টা নাগাদ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসী। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। তবে বিদ্যুৎ দপ্তরের প্রতিশ্রুতি কত দ্রুত বাস্তবায়িত হয়, সেদিকেই এখন নজর স্থানীয়দের।
এক মাসের বিদ্যুৎ সংকটে ফুঁসে উঠল গ্রাম! রাস্তা অবরোধে পণ্ড আমবাসার সাপ্তাহিক হাট
