খোয়াই শহরের চিকিৎসা পরিষেবায় যুক্ত হলো আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়ের হাত ধরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হলো ‘কল্পনা আই ক্লিনিক’। খোয়াইয়ের মানুষের কাছে উন্নতমানের চক্ষু চিকিৎসা পরিষেবা আরও সহজলভ্য করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য বলে জানা গেছে।উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কল্যাণী সাহা রায় বলেন, মানুষের জীবনে চোখ অত্যন্ত মূল্যবান। দৃষ্টিশক্তি হারালে পৃথিবী অনেকটাই অন্ধকার হয়ে আসে। তাই মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে চক্ষু চিকিৎসা প্রতিষ্ঠানগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তিনি বলেন, খোয়াইয়ের মানুষের দোরগোড়ায় উন্নত চক্ষু চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। আগামী দিনে ‘কল্পনা আই ক্লিনিক’ মানুষের আস্থা অর্জন করে আরও বৃহত্তর পরিসরে সেবামূলক কাজ করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী সমীর কুমার দাস, অনুকূলচন্দ্র দাস, পৌর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, অনিমেষ নাগ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পিযুষ কান্তি চৌধুরী, কাউন্সিলর বর্ণালী দেব দাস, ক্লিনিকের কর্ণধার কল্পনা গুপ্তসহ অন্যান্য বিশিষ্টজনেরা।উদ্বোধনকে ঘিরে অতিথি ও সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। নতুন এই প্রতিষ্ঠান খোয়াইয়ে চক্ষু চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা এলাকাবাসীর।চোখের আলো শুধু দৃষ্টিশক্তি নয়, মানুষের স্বপ্ন ও আত্মবিশ্বাসেরও আলো। সেই আলোকে আরও কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই খোয়াইয়ে পথচলা শুরু করল ‘কল্পনা আই ক্লিনিক’।
খোয়াইয়ে নতুন আলো, উদ্বোধন ‘কল্পনা আই ক্লিনিক’!
