Headlines

চাঁদার বিবাদে বৃদ্ধা ও ছেলেকে মারধরের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার দাবি

বিশ্রামগঞ্জ: দুর্গাপুজোর চাঁদা নিয়ে বিবাদকে কেন্দ্র করে এক বৃদ্ধা ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্রামগঞ্জ নবতারা ক্লাবের দুই সদস্যের বিরুদ্ধে। ঘটনায় বৃদ্ধা কল্পনা রায়ের মাথা ফেটে যায় বলে অভিযোগ। পাশাপাশি, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিতে পুলিশ গড়িমসি করছে বলেও দাবি করেছেন আক্রান্ত পরিবারের সদস্যরা।অভিযোগকারী বিশ্রামগঞ্জ বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী প্রসেনজিৎ রায়ের দাবি, দুর্গাপুজোর অষ্টমীর দিন চাঁদা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ক্লাবের দুই সদস্য জয়ন্ত দাস ও বুলু রায় তাঁর মা কল্পনা রায়কে মারধর করেন। এতে গুরুতর আহত হন বৃদ্ধা। পরে তাঁকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল বাড়ি ফেরেন তিনি।প্রসেনজিৎ রায়ের অভিযোগ, ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করতে বিশ্রামগঞ্জ থানায় গেলে পুলিশ মামলা নিতে চায়নি। এমনকি সিপাহিজলা পুলিশ সুপারের দপ্তরে গিয়েও তাঁরা প্রতিকার পাননি বলে দাবি পরিবারের। তাঁদের আরও অভিযোগ, জয়ন্ত দাস শাসকদলের স্থানীয় নেতা রতন দাসের আপন ছোট ভাই হওয়ায় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গড়িমসি করছে।তবে পুলিশের ভূমিকা এবং অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। অভিযুক্তদের বক্তব্যও জানা সম্ভব হয়নি।ন্যায়বিচারের দাবিতে এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন অসহায় মা ও ছেলে। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *