Headlines

তেলের ট্যাংকারে লুকিয়ে ১৪২ বোতল ফেনসিডিল! বাইজালবাড়ি পুলিশের অভিযানে আটক চালক

খোয়াই: তেলের ট্যাংকারের ভিতরে বিশেষ কৌশলে লুকিয়ে ফেনসিডিল পাচারের চেষ্টা! গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বাইজালবাড়ি থানার পুলিশ। ঘটনায় একটি মারুতি গাড়ি আটক করার পাশাপাশি চালককেও আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই গভীর রাতে একটি বিলাসবহুল মারুতি গাড়িতে করে নেশাজাতীয় সামগ্রী পাচারের খবর পাচ্ছিলেন বাইজালবাড়ি থানার ওসি সমরেশ চাকমা। এরপর থেকেই ওই বিষয়ে নজরদারি শুরু করে পুলিশ।রবিবার ফের গোপন সূত্রে খবর আসে, একটি মারুতি গাড়িতে করে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী পাচার করা হবে। খবর পেয়ে ওসি সমরেশ চাকমা ও সেকেন্ড ওসি তিলক জমাতিয়ার নেতৃত্বে বেলফাং নাকায় বিশেষ অভিযান চালানো হয়।অভিযানের সময় TR 01 CH 0592 নম্বরের গাড়িটি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে গাড়ির তেলের ট্যাংকারের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা অবস্থায় উদ্ধার হয় মোট ১৪২ বোতল ফেনসিডিল।এরপর গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। উদ্ধার হওয়া ফেনসিডিল ও গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। আটক চালকের বিরুদ্ধে মাদকদ্রব্য সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।পুলিশের দাবি, এই পাচারচক্রের সঙ্গে আর কারা জড়িত রয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। সোমবার আটক চালককে খোয়াই জেলা ও দায়রা আদালতে সোপর্দ করার কথা রয়েছে।বাইজালবাড়ি পুলিশের এই অভিযানে ফের নেশা কারবারের বিরুদ্ধে পুলিশের সক্রিয় তৎপরতার বিষয়টি সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *