মনুঘাট আরডি ব্লকে মনোনয়ন জমা দিতে গিয়ে তিপ্রা মথা প্রার্থীকে হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য। অভিযোগ উঠেছে, ছৈলেংটা ভিলেজ কাউন্সিলের ৪ নম্বর আসনের তিপ্রা মথা মনোনীত প্রার্থী পূর্ণিমা দাস মনোনয়নপত্র জমা দিতে গিয়ে কর্তব্যরত আর.ও. অফিসারের আচরণে হেনস্থার শিকার হন।ঘটনাটি গত ৫ সেপ্টেম্বর মনুঘাট আরডি ব্লকে ঘটে বলে অভিযোগ। পূর্ণিমা দাসের দাবি, মনোনয়নপত্র থেকে তার মোবাইল নম্বর সংগ্রহের পর কর্তব্যরত আর.ও. অফিসার রাজেশ দেব তাকে এসএমএস করেন। রাজেশ দেব মনুঘাট স্কুলে জিটি শিক্ষক হিসেবেও কর্মরত বলে জানা গেছে।বিষয়টি স্বামী রাজীব সরকারকে জানানোর পর প্রশাসনের দ্বারস্থ হয় পরিবার। ধলাই জেলার জেলা শাসকের কাছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগপত্র পাঠানোর পাশাপাশি ছৈলেংটা এসডিএমের কাছেও অভিযোগ জানানো হয়েছে বলে জানা গেছে।এছাড়াও মনু ব্লকের বিডিও বিজিত দেববর্মার কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানা গেছে।অভিযোগের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট আর.ও. অফিসারকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য।তবে অভিযোগের সত্যতা, ঘটনার প্রকৃত কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তির ভূমিকা প্রশাসনিক তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষ হওয়ার পরই স্পষ্ট হবে। বর্তমানে পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে।
মনুঘাটে মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীকে হেনস্থার অভিযোগ, শোকজ RO-কে!
