Headlines

যৌতুক নির্যাতন ও হুমকির অভিযোগ, ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ গৃহবধূ

শান্তির বাজার: স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন, যৌতুক দাবি এবং হুমকির অভিযোগ তুলে ন্যায়বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন এক গৃহবধূ।ঘটনার বিবরণে জানা যায়, শান্তির বাজার মহকুমার পুরাতন হাসপাতাল রোড সংলগ্ন চৌধুরী পাড়ার বাসিন্দা রাজু দাসের সঙ্গে প্রায় সাত বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। তাঁর অভিযোগ, বিয়ের প্রায় দেড় মাস পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে নির্যাতন শুরু করেন। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে ফ্রিজ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন সামগ্রী দেওয়া হলেও নির্যাতন বন্ধ হয়নি বলে অভিযোগ।গৃহবধূর আরও অভিযোগ, তাঁর স্বামী অন্য এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। দীর্ঘদিন স্বামীর অত্যাচার সহ্য করার পর অবশেষে তিনি নিজের ও সন্তানের প্রয়োজনীয় কাগজপত্র এবং বাপের বাড়ি থেকে দেওয়া স্বর্ণালঙ্কার সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে চলে আসেন।এরপর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর বিরুদ্ধে বাড়ির বিভিন্ন সামগ্রী ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ করেন বলে দাবি গৃহবধূর। তাঁর বক্তব্য, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। বিয়ের সময় বাপের বাড়ি থেকে দেওয়া স্বর্ণালঙ্কারই তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন বলে জানান।এদিকে, স্বামীর পক্ষ থেকে ফোনে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। স্বামীর অত্যাচার, হুমকি এবং মিথ্যা অপবাদের অভিযোগ এনে শান্তির বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন গৃহবধূ।বৃহস্পতিবার সংবাদমাধ্যমের সামনে এসে প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে ন্যায়বিচারের দাবি জানান তিনি। এখন অভিযোগের সত্যতা যাচাই করে পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন গৃহবধূ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *