Headlines

খুনের মামলায় চন্দ্র কুমারকে যাবজ্জীবন কারাদণ্ড, ২৫ হাজার টাকা জরিমানা

দক্ষিণ জেলার জোলাইবাড়িতে খুনের মামলায় অভিযুক্ত চন্দ্র কুমার ত্রিপুরাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালত। একইসঙ্গে তাঁকে ২৫ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারি রাতে বাইখোরা থানাধীন জোলাইবাড়ির সাতবাইয়া বাড়ি এলাকায় মলিন দাস ত্রিপুরার দোকানে বসেছিলেন ৪৮ বছর বয়সি মনোরঞ্জন ত্রিপুরা। অভিযোগ, রাত আনুমানিক ৮টা নাগাদ ধারালো দা নিয়ে সেখানে এসে চন্দ্র কুমার ত্রিপুরা মনোরঞ্জনের মাথা ও মুখে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন।চিৎকার শুনে মনোরঞ্জনের স্ত্রী গন্ধা দেবী ত্রিপুরা ও তাঁর মেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের অভিযোগ, ঘটনাস্থলে পৌঁছেও তাঁরা দেখতে পান, অভিযুক্ত তখনও দা দিয়ে মনোরঞ্জনকে আঘাত করছেন। গুরুতর আহত অবস্থায় মনোরঞ্জন ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।পরদিন, ২৪ ফেব্রুয়ারি, মৃতের স্ত্রী বাইখোরা থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ০৭/২৫ এবং বিএনএস-এর ১০৩(১) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। মামলার তদন্তকারী আধিকারিক ছিলেন খোকন চন্দ্র দাস। তদন্ত শেষে ৩০ এপ্রিল আদালতে চার্জশিট দাখিল করা হয়।মামলাটি আদালতে গড়ালে মোট ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করেন দক্ষিণ জেলার জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস। সমস্ত সাক্ষ্যপ্রমাণ পর্যালোচনা করে আদালত অভিযুক্ত চন্দ্র কুমার ত্রিপুরাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন।সরকার পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন আইনজীবী সুব্রত ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *