শান্তিরবাজার মহকুমা শাসক কার্যালয়ে সিভিল ডিফেন্সের উদ্যোগে আয়োজিত হলো এক গুরুত্বপূর্ণ মক ড্রিল। সম্ভাব্য এয়ার রেইড বা ব্ল্যাকআউট পরিস্থিতির মতো জরুরি অবস্থায় সাধারণ মানুষকে সচেতন ও প্রস্তুত করে তুলতেই এই কর্মসূচির আয়োজন করা হয়।এই মক ড্রিল প্রসঙ্গে সিভিল ডিফেন্সের নোডাল অফিসার কাকলি সাহা জানান, যুদ্ধকালীন বা প্রতিকূল পরিস্থিতিতে যদি কখনও আকাশপথে আক্রমণ বা এয়ার স্ট্রাইকের মতো ঘটনা ঘটে, তাহলে সিভিল ডিফেন্স কীভাবে কাজ করবে এবং সাধারণ মানুষ কীভাবে সাড়া দেবে, সেই বিষয়গুলো নিয়েই এই মহড়ার মূল উদ্দেশ্য।তিনি আরও জানান, এই কর্মসূচিতে সিভিল ডিফেন্সের পাশাপাশি স্থানীয় প্রশাসন, ৯-বাটালিয়ন টিএসআর (TSR), শান্তিরবাজারের মেডিকেল টিম এবং সিভিল ভলান্টিয়াররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধার ও নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হয়।কাকলি সাহা সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জরুরি অবস্থার সাইরেন বাজলে সেটিকে বিপদ সংকেত হিসেবে গ্রহণ করতে হবে এবং আতঙ্কিত না হয়ে নির্ধারিত নিরাপত্তা বিধি মেনে চলতে হবে। সফলভাবে মক ড্রিল সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও জানান তিনি।এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ ভবিষ্যতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের প্রস্তুতি ও নিরাপত্তা আরও জোরদার করবে বলেই মনে করছে প্রশাসন।
শান্তিরবাজারে সিভিল ডিফেন্সের মক ড্রিল! এয়ার রেইড পরিস্থিতি মোকাবিলায় সচেতনতার বার্তা
