সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে রাস্তার কাজ না করেই সরকারি তহবিল থেকে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের জেরে বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা নগর পঞ্চায়েতের নির্বাহী আধিকারিকের কাছে ডেপুটেশন জমা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।স্থানীয়দের দাবি, ২০২৫-২৬ অর্থবর্ষে DNIT No. 30/EO/SNP/SNM/2025-26-এর অধীনে সোনামুড়া হাসপাতাল রোড থেকে স্বপন দাসের বাড়ি এবং নিকটবর্তী মসজিদ পর্যন্ত ব্রিক সোলিং রাস্তা ও ইটের ড্রেন নির্মাণের জন্য ৪,৮৩,৯৮০ টাকা বরাদ্দ করা হয়। তাঁদের অভিযোগ, নথিতে কাজের উল্লেখ থাকলেও বাস্তবে ওই রাস্তার কোনো নির্মাণকাজ হয়নি, অথচ বরাদ্দের অর্থ উত্তোলন করা হয়েছে।এই অভিযোগকে সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের দাবি, বিষয়টির পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত সত্য সামনে আনা হোক এবং প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা হোক।স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য, চেয়ারপার্সনের নিজস্ব ওয়ার্ডেই যদি এমন অভিযোগ ওঠে, তাহলে অন্যান্য ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ নিয়েও প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।অন্যদিকে, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন জানান, অভিযোগটি তাঁর নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
সোনামুড়া নগর পঞ্চায়েতে ‘কাজ ছাড়াই বিল’ অভিযোগ! প্রায় ৫ লক্ষ টাকার অনিয়মের দাবিতে ডেপুটেশন
