সাব্রুম: সোলারচালিত সেচ পাম্পের মোটর চুরি হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাব্রুমের কৃষক ক্ষীরোহন দেবনাথ। খরা মৌসুমে জমির ফসল বাঁচাতে সরকারি সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।সাব্রুমের ইন্দিরা নগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তাকিয়াবাড়ি সংলগ্ন মজুমদার পাড়ায় এই চুরির ঘটনা ঘটেছে। কৃষক ক্ষীরোহন দেবনাথের দাবি, প্রতিদিনের মতো সকালে জমিতে গিয়ে তিনি দেখতে পান, সেচ প্রকল্পের সোলার পাম্পের মোটরটি চুরি হয়ে গিয়েছে।বর্তমানে বৃষ্টির অভাবে জমিতে সেচের জলের তীব্র প্রয়োজন। ওই পাম্পের সাহায্যে তাঁর চার বিঘারও বেশি ধানজমি ছাড়াও আশপাশের প্রায় ২০ থেকে ২৫ বিঘা জমিতে সেচ দেওয়া হতো। কিন্তু মোটরটি চুরি হয়ে যাওয়ায় সেচব্যবস্থা কার্যত বন্ধ হয়ে পড়েছে। ফলে নিজের জমির পাশাপাশি এলাকার অন্যান্য কৃষকের ফসলও ক্ষতির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।এই পরিস্থিতিতে দ্রুত নতুন একটি মোটরের ব্যবস্থা করে দেওয়ার জন্য সরকারি কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন ক্ষীরোহন দেবনাথ। সময়মতো সেচের জল না পেলে খরার মরশুমে ধানসহ অন্যান্য ফসল নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি। এখন কৃষিজমি ও ফসল রক্ষায় প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় চাষিরা।
সাব্রুমে সোলার পাম্পের মোটর চুরি, সেচের অভাবে ফসল নষ্টের আশঙ্কা
