Headlines

অমরপুর বিডিও অফিসে উত্তেজনা! উন্নয়নমূলক কাজ বন্ধের অভিযোগে বিক্ষুব্ধ পঞ্চায়েত প্রধানদের বিক্ষোভ

অমরপুর ব্লকের উন্নয়নমূলক কাজ দীর্ঘদিন ধরে স্থবির হয়ে রয়েছে—এই অভিযোগকে কেন্দ্র করে মঙ্গলবার অমরপুর বিডিও অফিসে চরম উত্তেজনার সৃষ্টি হয়। উন্নয়নমূলক প্রকল্পের কাজ ও বিল প্রদান বন্ধ থাকার অভিযোগ তুলে একযোগে দশটি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিডিও অফিসে হাজির হয়ে জবাবদিহি দাবি করেন।পঞ্চায়েত প্রধানদের অভিযোগ, প্রাক্তন বিডিও উৎপল দাসের বদলির পর থেকে অমরপুর ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প কার্যত থমকে রয়েছে। তাঁদের দাবি, বর্তমান বিডিও সঞ্জীব দেবনাথ উন্নয়ন সংক্রান্ত কাজের অনুমোদন ও বিল প্রদানের ক্ষেত্রে কোনও কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, যার ফলে সাধারণ মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন।এদিন বিডিও অফিসে উপস্থিত হয়ে বিভিন্ন পঞ্চায়েত এলাকার সমস্যা ও উন্নয়নমূলক কাজের অগ্রগতি নিয়ে বিডিওর কাছে সরাসরি ব্যাখ্যা চান জনপ্রতিনিধিরা। অভিযোগ, আলোচনার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংবাদমাধ্যমের ক্যামেরার সামনেই কয়েকজন জনপ্রতিনিধি বিডিওর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন।অন্যদিকে বিডিও সঞ্জীব দেবনাথ অভিযোগ অস্বীকার করে জানান, বিষয়গুলির অনেক তথ্য পঞ্চায়েত প্রধানদের কাছে স্পষ্ট নয়। প্রশাসনিক নিয়ম মেনেই কাজ করা হচ্ছে এবং উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে তিনি দাবি করেন।ঘটনাকে কেন্দ্র করে অমরপুরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। উন্নয়নমূলক কাজের অগ্রগতি ও প্রশাসনের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *