Headlines

৫১ বছরে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাবের চমক! রাম মন্দিরের আদলে মণ্ডপ, খোয়াইয়ে প্রথমবার ‘রাবণ বধ’

তেলিয়ামুড়া, ১৬ জুলাই: শারদীয়া দুর্গোৎসবকে সামনে রেখে খুঁটি পূজার মধ্য দিয়ে ৫১তম বর্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা করল তেলিয়ামুড়ার ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব। বৃহস্পতিবার প্রথম রথযাত্রার পবিত্র দিনে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণি বিদ্যালয় মাঠে বৈদিক মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয় খুঁটি পূজা।অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগী ও স্থানীয় মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পূজার সূচনার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে মণ্ডপ নির্মাণ ও অন্যান্য প্রস্তুতির কাজ।ক্লাব সূত্রে জানা গেছে, এবারের পূজার প্রধান আকর্ষণ হবে অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মিত দৃষ্টিনন্দন মণ্ডপ। এর পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে অত্যাধুনিক লাইট অ্যান্ড সাউন্ড শো, যা পূজার আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে।এবারের সবচেয়ে বড় চমক হিসেবে খোয়াই জেলায় প্রথমবারের মতো ‘রাবণ বধ’ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। দশেরা উপলক্ষে বিশালাকৃতির রাবণের প্রতিকৃতি দহন, আলোকসজ্জা, আতশবাজি এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে দর্শকদের এক ভিন্ন অভিজ্ঞতা উপহার দেওয়ার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে প্রগ্রেসিভ ইয়ুথ ক্লাব ব্যতিক্রমী থিম, নান্দনিক মণ্ডপ ও সৃজনশীল উপস্থাপনার জন্য খোয়াই জেলার অন্যতম জনপ্রিয় দুর্গাপূজার আয়োজক হিসেবে পরিচিত। প্রতিবছরের মতো এবারও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে বলে আশাবাদী উদ্যোক্তারা।ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, ঐক্য ও সামাজিক বন্ধনের এক মহামিলন। তাই সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এবারের ৫১তম বর্ষের দুর্গোৎসবকে স্মরণীয় করে তুলতে তারা বদ্ধপরিকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *