Headlines

তুলামুড়া–বড়পাথরী সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন, পুলিশি অভিযানে আটক বিক্ষোভকারীরা

উদয়পুর মহকুমার তুলামুড়া থেকে বড়পাথরী পর্যন্ত বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে চলা আন্দোলনে পুলিশের হস্তক্ষেপকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। ধূপতলি বাজার এলাকায় পথ অবরোধে শামিল হওয়া একাধিক আন্দোলনকারীকে পুলিশ আটক করে নিয়ে যায়।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বাধ্য হয়ে তারা পথ অবরোধে বসেন।আটক হওয়া আন্দোলনকারীদের মধ্যে এমন এক যুবকও রয়েছেন, যিনি দাবি করেন যে বেহাল রাস্তায় দুর্ঘটনার জেরে তাঁর অনাগত সন্তান মাতৃগর্ভেই মারা গিয়েছিল। সেই ব্যক্তিগত বেদনাই তাঁকে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে সামিল হতে উদ্বুদ্ধ করেছে বলে জানা যায়।প্রত্যক্ষদর্শীদের মতে, আন্দোলন চলাকালীন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধ তুলে দেওয়ার চেষ্টা করে। পরে কয়েকজন আন্দোলনকারীকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।এদিকে আন্দোলনকারীদের দাবি, তাঁদের একমাত্র উদ্দেশ্য ছিল এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করানো। অন্যদিকে, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে।ঘটনার পর এলাকাবাসীর একাংশ দ্রুত রাস্তা সংস্কারের উদ্যোগ এবং প্রশাসনের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। আন্দোলন ও পুলিশি পদক্ষেপ নিয়ে এলাকাজুড়ে আলোচনা অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *