রাজ্য সরকারের স্বরাষ্ট্র (কারাগার) বিভাগে ২৪৯টি পুরুষ জেল ওয়ার্ডেন পদের জন্য দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে থাকা নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করার দাবিতে শুক্রবার কারা দপ্তরের আইজি-র নিকটে ডেপুটেশন প্রদান করেন বেকার যুবকরা।উল্লেখ্য, ২০২২ সালের ৩ ডিসেম্বর ২৪৯টি শূন্যপদের জন্য প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ত্রিপুরার বহু বেকার যুবকের মনে আশার সঞ্চার করেছিল। ২০২২ সালের ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলে এবং পরবর্তীতে ২৭ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনকারীরা সফলভাবে শারীরিক ও মাঠ পর্যায়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন।কিন্তু এরপর বিধানসভা নির্বাচনের ঘোষণার কারণে হঠাৎ করেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। অভিযোগ, নির্বাচন শেষ হওয়ার পরও লিখিত পরীক্ষা সংক্রান্ত কোনও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ইতিমধ্যেই তিন বছর পাঁচ মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ায় আবেদনকারীদের মধ্যে তীব্র হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।বেকার যুবকদের বক্তব্য, তারা দীর্ঘদিন ধরে লিখিত পরীক্ষার প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছেন। কিন্তু বারবার আশ্বাস মিললেও বাস্তবে নিয়োগ প্রক্রিয়ায় কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। তাই দ্রুত লিখিত পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করে স্থগিত নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার দাবি জানান তারা।ডেপুটেশন কর্মসূচিতে অংশ নেওয়া বেকার যুবকরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু না হলে বৃহত্তর আন্দোলনের পথেও হাঁটতে পারেন তারা।
৩ বছরেও হয়নি লিখিত পরীক্ষা! জেল ওয়ার্ডেন নিয়োগ দ্রুত শুরুর দাবিতে বেকারদের ডেপুটেশন
