Headlines

চুরি করা ছাগলসহ ধরা চোর! বনদপ্তরের তৎপরতায় বড় সাফল্য আমতলীতে

আমতলী মহকুমায় দিনদিন বেড়েই চলেছে ছাগল চুরির ঘটনা। একাধিক এলাকায় ধারাবাহিকভাবে এই ধরনের চুরির অভিযোগ উঠলেও অধিকাংশ ক্ষেত্রেই চোরের দল অধরাই থেকে যাচ্ছিল। তবে এবার স্থানীয় জনতা ও চরিলাম বনদপ্তরের তৎপরতায় চুরির ছাগলসহ এক অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।ঘটনাটি শুক্রবার দুপুরের। জানা যায়, গোলাঘাটি বিধানসভার এডিসি এলাকা থেকে টি আর ০১ বি ০৭৭৫ নম্বরের একটি আল্টো মারুতি গাড়িতে করে চার যুবক একটি ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছিল। সন্দেহজনকভাবে গাড়িটি দ্রুতগতিতে এলাকা ছেড়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দাদের নজরে আসে বিষয়টি। এরপরই এলাকাবাসীরা গাড়িটির পিছু ধাওয়া শুরু করেন।ধাওয়া চলতে চলতে গাড়িটি আমতলী থানার অন্তর্গত কাঞ্চনমালা এলাকায় পৌঁছায়। ঠিক সেই সময় এলাকায় টহলরত অবস্থায় ছিলেন চরিলাম বনদপ্তরের কর্মীরা। উত্তেজিত জনতা বনদপ্তরের কর্মীদের কাছে সাহায্য চাইলে বনদপ্তরের কর্মীরাও গাড়িটির পিছু ধাওয়া করেন।কিছুদূর যাওয়ার পর বনদপ্তরের কর্মীরা গাড়িটিকে আটক করতে সক্ষম হন। পরিস্থিতি বেগতিক বুঝে গাড়িতে থাকা তিন যুবক পালিয়ে গেলেও একজনকে হাতেনাতে আটক করা হয়। পরে বনদপ্তরের কর্মীরা অভিযুক্তকে জনরোষের হাত থেকে রক্ষা করে চুরি হওয়া ছাগল এবং চুরির কাজে ব্যবহৃত গাড়িসহ আমতলী থানায় নিয়ে যান এবং পুলিশের হাতে তুলে দেন।ধৃত অভিযুক্তের নাম পরিতোষ সরকার। তার বাড়ি বামুটিয়া কলকলিয়া এলাকায় বলে জানা গেছে।এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বনদপ্তরের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনায় জড়িত পলাতক তিন অভিযুক্তের খোঁজে পুলিশ তদন্ত শুরু করেছে।ঘটনা প্রসঙ্গে চরিলাম বনদপ্তরের এক আধিকারিক জানান, সাধারণ মানুষের সহযোগিতায় দ্রুত পদক্ষেপ নেওয়ার ফলেই অভিযুক্তকে আটক করা সম্ভব হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *