ধর্মনগরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে জুয়াড়িদের হামলার শিকার হলেন তিন সাংবাদিক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে একাধিক প্রশ্ন।জানা গেছে, ধর্মনগর থানার অদূরে পদ্মপুর দ্বাদশ মান বিদ্যালয়ের মাঠে আয়োজিত চড়ক মেলায় গত তিনদিন ধরে প্রকাশ্যে জুয়ার আসর বসছে বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে ঘটনাস্থলে যান কয়েকজন সাংবাদিক।অভিযোগ, জুয়ার কার্যকলাপের ছবি ও তথ্য সংগ্রহের সময় একদল জুয়াড়ি সাংবাদিকদের বাধা দেয়। এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং জুয়াড়িরা সাংবাদিকদের ওপর চড়াও হয়। এতে ধর্মনগরের তিন সাংবাদিক আক্রান্ত হন।সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও হামলা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, পুলিশ কার্যত দর্শকের ভূমিকায় ছিল।এই ঘটনার পর সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ও সচেতন মহল হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।এদিকে, ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি ভবিষ্যতে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপের দাবিও ক্রমশ জোরালো হচ্ছে।
জুয়ার খবর সংগ্রহে গিয়ে আক্রান্ত ৩ সাংবাদিক! পুলিশের ভূমিকা ঘিরে তীব্র বিতর্ক ধর্মনগরে
